একটি ডিজিটাল অ্যারেস্ট মামলায় ৪১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল হাওড়া গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম থানা। কর্নাটক এবং অসম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ উদ্ধার করতে পেরেছে খোয়া যাওয়া টাকার মধ্যে ৩ লক্ষ টাকা। বাকি টাকা উদ্ধারের চেষ্টা করছে। শুক্রবার তিনজনের মধ্যে দুজন অভিযুক্তকে উলুবেড়িয়া আদালতে পেশ করা হয়। বিচারক তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানিয়েছে এই মামলায় কর্ণাটকের বেঙ্গালুরু থেকে জুন মাসে গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্ত ভেনুগোপালা এম-কে। অপর দুই অভিযুক্ত, পঞ্চল নাথ ও সুভম রায়, ধরা পড়ে অসমের শিলচর এলাকা থেকে। বেনু গোপালকে জিজ্ঞাসাবাদ করে পরে বাকি দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত এপ্রিল মাসে এই দুষ্কৃতীরা উলুবেড়িয়ার এক ব্যক্তির কাছ থেকে দফায় দফায় ৪১ লক্ষ টাকা হাতিয়ে নেয় ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে। অভিযুক্তরা নিজেদের বিভিন্ন সরকারি তদন্তকারী সংস্থার সদস্য বলে পরিচয় দেয়। প্রতারণার শিকার হওয়া ব্যক্তিকে ভয় দেখিয়ে তার কাছ থেকে ওই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। হাওড়া রুরাল সাইবার ক্রাইমের এক আধিকারিক জানিয়েছেন, “এরা আন্তরাজ্য প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। এই প্রতারণার সঙ্গে যুক্ত আরো ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। বাকি অর্থ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
ডিজিটাল প্রতারণায় গ্রেফতার


