বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে জোর বিতর্কের মাঝেই আরও কঠোর অবস্থান নিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তৃণমূল কংগ্রেস তাঁকে সাসপেন্ড করলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—বিধায়ক পদ ছাড়বেন না। তাঁর কথায়, “ইস্তফার কোনও প্রশ্নই নেই। মানুষ আমাকে ভোট দিয়েছেন, আমি তাঁদের দায়িত্বই পালন করব।”
দলের বাধা সত্ত্বেও কয়েকদিন আগেই ভরতপুরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সেই অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয় বলে দাবি হুমায়ুনের। তাঁর মতে, এই উপস্থিতিই প্রমাণ করে মানুষ তাঁর পাশে আছেন। মসজিদ নির্মাণের সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোর চললেও হুমায়ুন নিজের অবস্থানে অটল।
তিনি বলেন, মসজিদ নির্মাণ মানুষের দাবি, এবং তাঁদের বিশ্বাসই তাঁর কাছে সবচেয়ে বড় শক্তি। দলের সিদ্ধান্ত নিয়ে তিনি আপাতত কোনও মন্তব্য করতে চান না, তবে নিজের দায়িত্ব পালন থেকে পিছিয়ে আসবেন না বলেই জানিয়েছেন।


