ইন্দোনেশিয়ার প্রকৃতি যেন একসঙ্গে দুই দিক থেকে তাণ্ডব চালাচ্ছে। জাভা দ্বীপে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে একটি আগ্নেয়গিরি। সেই সঙ্গে উত্তর সুমাত্রায় ভয়াবহ আকস্মিক বন্যা সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। মুহূর্তের মধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে, হাজার হাজার বাড়িঘর, চাষের জমি ও সর্বস্ব ধ্বংস হয়েছে।
জাভা দ্বীপের আগ্নেয়গিরিটি কোনও পূর্বাভাস ছাড়াই অগ্নুৎপাত শুরু করে। চারদিকে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া ও ছাই। স্থানীয় মানুষজন আতঙ্কে ঘর ছাড়তে বাধ্য হন। প্রশাসন দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়ছে।
অন্য দিকে উত্তর সুমাত্রার আকস্মিক বন্যা আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। প্রচণ্ড জলস্রোতে ভেসে গিয়েছে বাড়িঘর, যানবাহন ও মানুষের ব্যক্তিগত সামগ্রী। যাঁরা বেঁচে গিয়েছেন, তাঁদের অনেকেই নিখোঁজ আপনজনদের খুঁজে ফেরার চেষ্টা করছেন।
প্রাকৃতিক এই দ্বিমুখী বিপর্যয়ে ইন্দোনেশিয়া জুড়ে নেমে এসেছে শোক এবং আতঙ্ক। উদ্ধারকাজ চলছে, তবে ক্ষতির পরিমাণ দেখে স্থানীয় প্রশাসনও উদ্বেগ প্রকাশ করেছে।


