স্মরণীয় ট্র্যাজেডি উত্তর দমদমে: জমা জলে ডুবে প্রাণ গেল ছয় মাসের ঋষিকার

Spread the love

উত্তর দমদমে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ছয় মাসের এক শিশুকন্যা ঘরের জমা জলে ডুবে প্রাণ হারাল। শনিবার সকালে দেবীনগরের ১৩ নম্বর ওয়ার্ডে ঘটে এই বেদনাদায়ক ঘটনা। পাপন ঘোড়াই ও তাঁর স্ত্রী ছয় মাস আগে কন্যাসন্তান ঋষিকার জন্ম দেন। সেই থেকেই সুখের সংসার চলছিল। কিন্তু প্রবল বৃষ্টির জেরে তাঁদের ঘরে হাঁটুজল দাঁড়িয়ে গিয়েছিল, যা হয়ে দাঁড়াল ভয়ংকর বিপদের কারণ।

ঘটনার সময় পাপন ছিলেন না বাড়িতে। ঋষিকার মা খাটে ঘুম পাড়িয়ে কাজ করছিলেন। হঠাৎ শৌচালয়ে যাওয়ার সময় ঘটে অঘটন—শুয়ে থাকা অবস্থায় খাট থেকে পাশ ফিরে জলে পড়ে যায় ঋষিকা। ফিরে এসে মাকে দেখতে পান মেয়েটিকে অচেতন অবস্থায়। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় কাউন্সিলর প্রশান্ত দাস জানান, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। লাগাতার বৃষ্টিতে জল জমেছে, সেই কারণেই এই দুর্ঘটনা। পরিবারটির পাশে আমরা আছি।”

স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই এই মৃত্যু। দীর্ঘদিন ধরে জল জমে থাকলেও নেই স্থায়ী সমাধান। তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। শিশুর অকালমৃত্যু ঘিরে শোকস্তব্ধ পাড়া। পাশে দাঁড়িয়েছেন পাড়ার মানুষ থেকে প্রশাসনের প্রতিনিধিরাও।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *