থার্ড ইয়ারে ছাত্রী। বিষয় ইংরেজি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। অনামিকা মণ্ডল। বাড়ি বেলঘরিয়ায়। SFI সমর্থক।বৃহস্পতিবার তাঁরই দেহ উদ্ধার হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঝিল থেকে। ক্যাম্পাসে ফিস্ট চলছে। তাই ঝিলপাড়ে ছিলেন পড়ুয়ারা। জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় ছিলেন অনামিকা। তাঁর বন্ধু অত্রীও সেখানেই ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা ঝিলপাড়ে পড়ে যেতে দেখেন অনামিকাকে। তারপর তাঁরাই ওঠান। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানানো হয়। অনেকের দাবি, আত্মহত্যা করতে গিয়েছিলেন অনামিকা।এখানেই অনেকগুলো প্রশ্ন দানা বাঁধছে। বছর দুয়েক আগে এই যাদবপুরের হস্টেলেই পড়ুয়া মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ক্যাম্পাস চত্বরে নেশার আসরের নানা ছবি ধরা পড়ে বিভিন্ন মাধ্যমে। তারপরেও কি সতর্ক হওয়া যায়নি? সঠিক নজরদারি চালানো যায়নি? সিসি ক্যামেরা কি আদৌ পর্যাপ্ত সংখ্যায় রয়েছে? এখনও যাদবপুর চত্বরে নেশার ঠেক বসে? কর্তৃপক্ষ আপাতত বিষয়টা খতিয়ে দেখছেন বলেই জানিয়েছেন। তদন্ত শুরু করেছে পুলিশও।



