আবেগে মোড়া করণ জোহরের ছবির জগতে ‘কভি খুশি কভি গম’ শুধু একটি সিনেমা নয়, অনেকের জীবনের স্মৃতির অ্যালবাম। সেই ছবি মানেই মায়ের চোখে জল, বাবার কঠোরতার আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা, ভাইয়ের প্রতি অভিমান আর পরিবারের জন্য সব ত্যাগ করে দেওয়ার নিঃশব্দ প্রতিশ্রুতি। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু এই ছবির আবেগ আজও একই জায়গায় এসে বুকের ভেতর কাঁপন তোলে।
পঁচিশ বছর পর ফের বড়পর্দায় ফিরতে চলেছে ‘কভি খুশি কভি গম’—এই খবরটাই যেন বহু দর্শকের পুরনো দিনের দরজা খুলে দিচ্ছে। প্রেক্ষাগৃহে বসে আবার যখন বাজবে “কভি খুশি কভি গম…”, তখন শুধু একটি গান নয়, ফিরে আসবে শৈশব, পরিবারে একসঙ্গে বসে সিনেমা দেখার দিন, আর সম্পর্কের সেই অদৃশ্য সুতো, যা আজও আমাদের বেঁধে রাখে। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও, এই ছবির আবেগ যে কখনও পুরনো হয় না—সেটাই আবার প্রমাণ করতে চলেছে ‘কভি খুশি কভি গম’।


