কালীপুজোর মেলা দেখে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, আহত হয়েছেন পাঁচজন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে করিমপুরের গড়াইমারী এলাকায়, কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে। মৃত যুবকের নাম শুভ বিশ্বাস (১৯)। বাড়ি করিমপুরের কাগজীপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভ দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে চেপে তেহট্টের নাজিরপুরে মেলা দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুটি বাইকের মোট ছয়জনই গুরুতর জখম হন। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শুভ বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে এক তরতাজা প্রাণের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে করিমপুরের কাগজি পাড়া এলাকায়।


