কাটছে না দুর্যোগ! ফের নিম্নচাপ, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ

Spread the love

আবারও নিম্নচাপের দাপটে টানা বৃষ্টিতে ভিজছে কলকাতা ও দক্ষিণবঙ্গ। সোমবার রাতেই শহরে নামল ২৫১ মিলিমিটার বৃষ্টি, যা সেপ্টেম্বর মাসে ষষ্ঠ সর্বাধিক বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই প্রবল বর্ষণ কোনও ক্লাউডব্লাস্ট নয়, নিম্নচাপের কারণে পুঞ্জিভূত মেঘ থেকেই এই বৃষ্টি হয়েছে বলে জানাচ্ছেন আবহবিদরা।

আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ সক্রিয় রয়েছে। এর জেরে মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি চলবে বলেও পূর্বাভাস।

তবে এখানেই শেষ নয়। আসছে আরও একটি নিম্নচাপ। আগামী ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অর্থাৎ চতুর্থীর দিন উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হবে। সেটি ক্রমে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ২৭ সেপ্টেম্বর ষষ্ঠীর দিন দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামবে, কোথাও কোথাও হবে ভারী বর্ষণ। শনিবার বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি চলবে। কলকাতাসহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে একের পর এক নিম্নচাপ দানা বাঁধায় উৎসবের মরসুমেও ভিজে যেতে চলেছে গোটা অঞ্চল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *