ইতিহাসের শহরে নতুন অধ্যায়, বদলে গেল কলকাতা হাই কোর্টের ঠিকানা

Spread the love

কলকাতার বুকে ইতিহাস যেন আবার নতুন করে লেখা হল। বহুদিনের পরিচিত ঠিকানা ‘৩, এসপ্ল্যানেড রো ওয়েস্ট’ এখন আর নেই। তার জায়গায় জায়গা করে নিয়েছে এক নতুন নাম— ৩, বিচারপতি রাধাবিনোদ পাল সরণি, কলকাতা – ৭০০০০১। পিন কোড একই থাকলেও রাস্তার নামের এই পরিবর্তন শুধুই প্রশাসনিক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস, আন্তর্জাতিক মর্যাদা এবং সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট।
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এই ঠিকানা পরিবর্তনের কথা। এতদিন ধরে যে ঠিকানা আদালতের পরিচয়ের অংশ ছিল, তা এখন অতীত। নতুন নামে শুরু হল এক নতুন পরিচয়।
জাস্টিস রাধাবিনোদ পাল এমন এক বাঙালি আইনজ্ঞ, যাঁর নাম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও সমানভাবে সম্মানিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী টোকিও ট্রায়ালে তাঁর ঐতিহাসিক ভিন্নমত তাঁকে বিশ্বজুড়ে বিশেষ মর্যাদা এনে দেয়। জাপানে তিনি আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। তাঁর সেই অবদানের কথা মাথায় রেখেই এসপ্ল্যানেড রো (ওয়েস্ট)-এর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।
সম্প্রতি টোকিও সফরে গিয়ে তাঁর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই কলকাতার একটি রাস্তার নাম তাঁর নামে করার প্রস্তাব দেন তিনি বলে জানা যায়। পরবর্তীতে কলকাতা পুরসভা দ্রুত সেই প্রস্তাব কার্যকর করে। ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে রাস্তার নাম পরিবর্তন করা হয়। এবার কলকাতা হাই কোর্টও সেই নামকে গ্রহণ করে সরকারি ভাবে সিলমোহর দিল।
এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। শাসকদলের দাবি, এটি বাংলার এক উজ্জ্বল নক্ষত্রের প্রতি যথার্থ সম্মান। অন্যদিকে, বিরোধী শিবির বিষয়টিকে অন্য দৃষ্টিকোণ থেকেও দেখছে। তবে সব বিতর্কের ঊর্ধ্বে একটাই বিষয় স্পষ্ট— কলকাতা হাই কোর্টের নতুন সরকারি ঠিকানা এখন ৩, বিচারপতি রাধাবিনোদ পাল সরণি, কলকাতা – ৭০০০০১। ইতিহাসের শহরে এ যেন আর এক নতুন সংযোজন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *