শুক্রবার সকালেই ফের বড়সড় বিভ্রাট কলকাতা মেট্রোতে। সওয়া ৮টা নাগাদ দমদম থেকে শোভাবাজার পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা হঠাৎই বন্ধ হয়ে যায়। ফলে একেবারে সকালবেলার অফিস ও স্কুলগামী ভিড়ের সময় কার্যত অচল হয়ে পড়ে মেট্রো চলাচল। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে প্রবল ক্ষোভ ও বিভ্রান্তি।
যদিও ঠিক কী কারণে পরিষেবা বন্ধ রাখা হয়েছে, তা প্রথমে স্পষ্ট করে জানাতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। অল্প কিছুক্ষণ পরেই ঘোষণা করা হয় যে অর্নিবার্য কারণে আপ ও ডাউন লাইনে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ফলে প্রতিটি স্টেশনে বাড়তে থাকে যাত্রীদের ভিড়। কেউ কেউ বাধ্য হয়ে বাস বা অ্যাপ ক্যাব ধরেন, আবার অনেকেই বিকল্প পথ না পেয়ে স্টেশনে আটকে থাকেন দীর্ঘক্ষণ।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিকভাবে চালু করা হয় পরিষেবা। তবে তা অত্যন্ত ধীর গতিতে চলছে। প্রায় প্রতি স্টেশনেই কয়েক মিনিট করে দাঁড়াচ্ছে ট্রেন, ফলে যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।
গত কয়েক মাস ধরে মেট্রো বিভ্রাট যেন রোজকার ঘটনায় পরিণত হয়েছে। কখনও সিগন্যালের সমস্যা, কখনও কারিগরি ত্রুটি বা বিদ্যুৎ সংযোগের সমস্যা—প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারণে ব্যাহত হচ্ছে পরিষেবা। প্রতিদিনকার এই সমস্যায় ক্ষুব্ধ যাত্রীদের একাংশের দাবি, কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
অন্যদিকে, মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত পরিষেবা যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে সকালবেলার ব্যস্ত সময়ে যাত্রীদের যে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।


