গঙ্গার ধারে একদিকে প্রতিমা গড়ার ঠাকুরমশাইয়ের ঘাম, অন্যদিকে বিসর্জনের ব্যস্ততা—এই ছবি কলকাতার কুমোরটুলি ঘাটের চিরচেনা রূপ। এবার সেই ঘাটই পেতে চলেছে নতুন সাজ। সৌন্দর্যায়নের দায়িত্ব যাচ্ছে আদানি গোষ্ঠীর হাতে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সবুজ সঙ্কেত মিলেছে।
নতুন করে ঢেলে সাজানো হবে ঘাটের পরিকাঠামো। আলো, সুরক্ষা, নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে বসার জায়গা—সবই বদলে যাবে। বহু পুরনো কাঠামো সংস্কার করা হবে। দর্শনার্থীদের সুবিধার্থে শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থাও থাকবে। রাজ্য পরিবেশ দফতরের তরফে জানানো হয়েছে, শহরের ঐতিহ্য ও ধর্মীয় আবহ অক্ষুণ্ণ রেখেই হবে উন্নয়ন।
তবে এই সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্নও। কর্পোরেট হস্তক্ষেপে ঘাটের ধর্মীয় ও সাংস্কৃতিক চরিত্র কী বদলে যাবে না? রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। একাংশ বলছে, আদানির মতো সংস্থাকে দায়িত্ব দেওয়ায় সরকারি পরিকাঠামো বিক্রির ইঙ্গিত স্পষ্ট। আবার অন্য এক অংশের মত, উন্নয়নের স্বার্থে এই ধরনের অংশীদারিত্ব দরকার।
গঙ্গার পাড় ঘিরে যেমন রয়েছে ঐতিহ্য, তেমনই রয়েছে আবেগ। আর সেই আবেগে এবার ঢেউ তুলছে কর্পোরেটের নাম।


