মহানায়কের জন্মদিনে গার্গীদের ‘সম্মান’, উত্তম স্মরণে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী

Spread the love

২৪ জুলাই — বাংলা সিনেমার ইতিহাসে এক চিরঅম্লান নাম। উত্তমকুমার। বাঙালির ‘ম্যাটিনি আইডল’। তাঁর ৪৫তম প্রয়াণ দিবসেও বাংলা চলচ্চিত্রজগত যেন ফিরে গেল সোনালি দিনে। এদিনই ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হল রাজ্য সরকারের তরফে আয়োজিত ‘মহানায়ক সম্মান’ প্রদান অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক তারকা থেকে কলাকুশলী, আর সবার শিরোজয়ী হলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। তাঁর হাতে সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে ২০১৩ সালে শুরু হওয়া এই সম্মান-পরম্পরায় এবার অভিনেত্রী, পরিচালক, গায়ক-গায়িকা থেকে মেকআপ আর্টিস্ট ও প্রোডাকশন ডিজাইনাররাও স্থান পেলেন। যেমন— পরিচালক গৌতম ঘোষ, গায়িকা ইমন চক্রবর্তী, গায়ক রূপঙ্কর বাগচী, মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু ও প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্য— সকলেই সম্মানিত হলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, অম্বরীশ ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, অদিতি মুন্সী প্রমুখ।

মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন, “সিনেমার সামনে থাকা মানুষরা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই নেপথ্যে থাকা কলাকুশলীরাও। তাঁদের অবদান কোনও অংশে কম নয়।”
এদিনের অনুষ্ঠানে আবেগঘন হয়ে মুখ্যমন্ত্রী বললেন, “আমার জীবনের সবচেয়ে বড় আফসোস— উত্তম কুমারের সঙ্গে কোনওদিন দেখা হয়নি। সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবীদের সঙ্গে বহুবার দেখা হয়েছে, কথাও হয়েছে। ছোটবেলায় মায়ের হাত ধরে ভবানীপুরে মহানায়কের ছবি দেখতাম, কখনও ঘুমিয়ে পড়লেও ওঁর গানের সুর মনে গেঁথে থাকত। কী শ্রুতিমধুর ছিল সেই গানগুলো!”

প্রজন্ম বদলালেও বাংলা চলচ্চিত্রের মহানায়ক একটাই— অরুণ কুমার চট্টোপাধ্যায় ওরফে উত্তমকুমার। আর তাই এই বিশেষ দিনটিতে উত্তম স্মরণে এবং বাংলা সিনেমার নানাদিকের কৃতিদের সম্মান জানিয়ে যেন একসঙ্গে গর্বিত হল পুরো টলিউড।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *