‘ঘরের মেয়ে’ মমতাকে জেতাতে ময়দানে তৃণমূল, ভবানীপুরে চড়ছে রাজনৈতিক উত্তাপ

Spread the love

দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রকে ঘিরে ভোটের উত্তাপ ক্রমেই বাড়ছে। গত রবিবারই সেখানে কর্মিসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সভার পর থেকেই এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রচার আরও জোরদার হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বার্তা দিয়েছেন, এই কেন্দ্রে আরও বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই ঝাঁপিয়ে পড়েছেন দলীয় নেতা-কর্মীরা।

মুখ্যমন্ত্রীর নির্দেশ, “আমি সারা বাংলায় দৌড়াচ্ছি, আমার ঘর তোরা সামলাস।” এই বার্তাকে সামনে রেখেই ভবানীপুরে প্রচারে নেমেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার চেতলা, আলিপুর-সহ একাধিক এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন তিনি। তাঁর কথায়, এই এলাকার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনৈতিক নেতা নন, তিনি ঘরের মেয়ে। তাই এখানকার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকটাই আবেগের।

এবারের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, এই কেন্দ্রেই বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর বার্তা দিয়েছেন। ফলে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়েছে।

তবে শুধু ভবানীপুর নয়, গোটা রাজ্যজুড়েই নজর রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২৯৪টি আসনেই তাঁর মুখকে সামনে রেখেই প্রচার চালাচ্ছে তৃণমূল। মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন জেলায় গিয়ে প্রচার করবেন বলে জানা গিয়েছে। কিন্তু নিজের কেন্দ্রের দায়িত্ব দলীয় নেতাদের উপর ছেড়ে দিয়ে তিনি যে রাজ্যজুড়ে প্রচারে জোর দিচ্ছেন, তা স্পষ্ট।

এদিকে ভবানীপুরে প্রচারে নেমে ফিরহাদ হাকিম আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই বড় হয়েছেন, তাঁর বহু পুরনো সম্পর্ক রয়েছে এই এলাকার মানুষের সঙ্গে। তাই আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই, শুধু মানুষের কাছে গিয়ে অনুরোধ করা হচ্ছে—মমতাদির ওপর ভরসা রাখুন, তাঁকেই ভোট দিন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *