রমজানে ঐক্যের সুর তুললেন মুখ্যমন্ত্রী, নজরুলের পংক্তিতে সম্প্রীতির বার্তা

Spread the love

পবিত্র রমজান মাসে আবারও বাংলার সম্প্রীতির ছবিটাকেই সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করে তিনি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। তবে শুধু শুভেচ্ছাবার্তাই নয়, তাঁর পোস্টের মূল সুর ছিল ঐক্য ও সহাবস্থানের বার্তা।

পোস্টের শুরুতেই স্মরণ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-কে। তুলে ধরেন তাঁর অমর পংক্তি— “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান…”। এই লাইন দিয়েই যেন তিনি বুঝিয়ে দিলেন, বাংলার আত্মা ধর্মভেদ মানে না।

মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, এই মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সৃষ্টি যুগের পর যুগ মানুষকে একতার শিক্ষা দিয়েছে। সেই ভাবধারাকেই এগিয়ে নিয়ে গিয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দ। বাংলার পরিচয় বিভাজনে নয়, মিলনে— এ কথাই স্পষ্ট করেছেন তিনি।

প্রসঙ্গত, প্রতিবছরের মতো এবছরও রমজান মাসে বিভিন্ন ইফতার অনুষ্ঠানে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। বৃহস্পতিবার কলকাতা পুরসভা আয়োজিত দাওয়াত-এ-ইফতারে যোগ দেন তিনি। মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে একত্রে বসে প্রার্থনায় অংশ নেন। শুক্রবার সেই মুহূর্তগুলির ভিডিও শেয়ার করে তিনি লেখেন, রমজান আত্মসংযম, মানবতা ও পারস্পরিক আস্থার বন্ধন দৃঢ় করার এক পবিত্র সময়।

রাজনৈতিক উত্তাপের মাঝেও সম্প্রীতির বার্তা— রমজানে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। বাংলার সামাজিক সুরক্ষিত আবহ ধরে রাখার বার্তাই কি দিলেন তিনি? রাজনৈতিক মহলে সেই প্রশ্নও উঁকি দিচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *