উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস ১৬ জানুয়ারি

Spread the love

ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই দু’দিনের কর্মসূচিতে পাহাড় ও ডুয়ার্সে যাবেন তিনি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১৬ জানুয়ারি শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। পরদিন ১৭ জানুয়ারি জলপাইগুড়িতে প্রশাসনিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

গত অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর একাধিকবার সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। সেই সফরেই দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দেন তিনি। এরপরই শিলিগুড়িতে বাংলার বৃহত্তম মহাকাল মন্দির নির্মাণের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর ঘোষণামতো, শিলিগুড়িতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জমি চিহ্নিত করা হয়েছে। ওই জমিতেই একটি আধুনিক কনভেনশন সেন্টারের পাশাপাশি গড়ে উঠবে মহাকাল মন্দির। এই মন্দিরে স্থাপন করা হবে বাংলার সবচেয়ে বড় শিবমূর্তি। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে জমি দেওয়া হবে এবং একটি ট্রাস্টি বোর্ড গঠন করে মন্দির নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত ডিসেম্বরে নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরের শিলান্যাসের পরিকল্পনা রয়েছে। তবে সময়সূচিতে সামান্য বদল এনে জানুয়ারির তৃতীয় সপ্তাহে সেই কর্মসূচি নির্ধারিত হয়েছে। শিলান্যাসের পর দ্রুত গতিতে নির্মাণকাজ শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।

দিঘায় জগন্নাথদেবের মন্দির নির্মাণের কাজ শুরু হওয়ার পর দুর্গা অঙ্গনের শিলান্যাস ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী দু’বছরের মধ্যে সেই প্রকল্প শেষ করার লক্ষ্য স্থির করেছে রাজ্য সরকার। এবার শিলিগুড়ির মহাকাল মন্দির ঘিরে উত্তরবঙ্গের ধর্মীয় ও পর্যটন মানচিত্রে নতুন অধ্যায় শুরু হতে চলেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *