মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিশ্রুতি রেখেছেন। বালাসন নদীর উপর মিরিকের দুধিয়ায় অস্থায়ী সেতু তৈরি হয়ে গেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ফলে শিলিগুড়ি থেকে মিরিক যাতায়াত ফের স্বাভাবিক হবে, এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের পরিবেশ ফিরে এসেছে।
সম্প্রতি নিম্নচাপ ও হঠাৎ বানে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ। ধসে পড়ে দার্জিলিংয়ের একাধিক এলাকা, ভেঙে পড়েছিল দুধিয়া সেতু— যা শিলিগুড়ি-মিরিক যোগাযোগের প্রধান মাধ্যম। সেতুর ধ্বংসের কারণে দীর্ঘদিন যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়।
বিপর্যয়ের পর সরাসরি ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “দ্রুত অস্থায়ী সেতু তৈরি করা হবে।” তাঁর নির্দেশে বালাসন নদীর উপর পাইপ, বোল্ডার ও অন্যান্য উপকরণ ব্যবহার করে মাত্র দুই সপ্তাহের মধ্যে সেতুটি তৈরি করা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, আগামী সোমবার থেকে সেতুটি চালু হবে। পাশাপাশি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখানে একটি বেইলি ব্রিজ তৈরির কাজও চলছে।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী সেতু নির্মাণের। সেই দাবি মেনে রাজ্য সরকার পুরনো সেতুর পাশে নতুন কংক্রিটের সেতু তৈরির কাজ শুরু করেছে। নতুন সেতুর জন্য বরাদ্দ খরচ ৫১ কোটি ৩৭ লক্ষ টাকা, এবং তা আগামী বছরের জুলাই মাসে সম্পন্ন হবে।
অস্থায়ী সেতু তৈরি হওয়ায় পর্যটক ও স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবার শিলিগুড়ি-মিরিকের যাতায়াত আবার সহজ হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর তৎপরতায়।


