বাংলা ভাষা শুধুই এক ভাষা নয়, তা বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি আর আবেগের প্রতীক। কিন্তু আজ সেই সোনাঝরা মাতৃভাষা যেন এক অদৃশ্য আক্রমণের মুখে। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ অপবাদ জুটছে, চলছে আক্রমণ আর অপমান। এমন এক সংকটজনক পরিস্থিতিতে একুশে শহিদ দিবসের মঞ্চ থেকে বাংলার গর্ব রক্ষায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কণ্ঠে ঝরে পড়ল প্রতিবাদের সুর— “বাংলা ভাষার উপর চলছে সন্ত্রাস! কে কী খাবে, কী পরবে, কী ভাষায় বলবে— সব ওরা বলে দেবে? না, তা হতে দেওয়া যাবে না। বাংলা ভাষার অপমান মানে বাঙালির অপমান।”
শুধু মুখের ভাষাতেই থেমে থাকেননি নেত্রী। দলের জনপ্রতিনিধিদের জন্য সুনির্দিষ্ট কর্মসূচির রূপরেখাও ঘোষণা করেছেন তিনি। কলকাতা থেকে জেলা, ব্লক— সর্বত্র দুই দিন ধরে ভাষার দাবিতে মিছিল ও মিটিং করার নির্দেশ দিয়েছেন। সমাজের বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে ভাষা শহিদ উদ্যানে ধরনায় বসার কথাও জানিয়েছেন সাংসদদের উদ্দেশে।
মমতার এই বক্তব্যের প্রেক্ষাপটে একটাই বার্তা স্পষ্ট— বাংলা ভাষার জন্য যদি আবারও লড়াইয়ের প্রয়োজন হয়, বাঙালি তৈরি। আর সেই লড়াইয়ে সামনে থাকবেন বাংলার এই ‘কন্যা’।


