পানিহাটিতে ফের রাজনীতির রণভূমি। ৫৭ বছরের প্রদীপ করের মৃত্যু নাড়িয়ে দিল গোটা রাজ্যকে। খড়দহের মহাজ্যোতি নগরের বাসিন্দা প্রদীপবাবু নিজের ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পাশে পাওয়া যায় একটি সুইসাইড নোট— লেখা, “আমার মৃত্যুর জন্য দায়ী NRC।”
এই ঘটনার পরেই তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন—
> “এই মৃত্যু বিজেপির বিভাজনের রাজনীতির সরাসরি ফল। NRC-র নামে বছরের পর বছর ধরে মানুষকে আতঙ্কিত করা হয়েছে। মিথ্যা, ভয় আর প্ররোচনার রাজনীতিই এক নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিল।”
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, “যারা দিল্লিতে বসে দেশপ্রেমের বুলি আওড়ায়, তারাই মানুষকে নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহে ফেলছে। আমাদের মাটি মা-মাটি-মানুষের, দিল্লির জমিদারদের নয়। বাংলা ঘৃণার রাজনীতি মেনে নেবে না, প্রতিরোধ করবে।”
তিনি দাবি তুলেছেন, কেন্দ্র যেন অবিলম্বে এই “হৃদয়হীন খেলা” বন্ধ করে। মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন— বাংলায় NRC হবে না, বাংলায় কোনও নাগরিককে বিদেশি বানানোর চেষ্টা সহ্য করা হবে না।
রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য। একদিকে মর্মাহত সাধারণ মানুষ, অন্যদিকে মমতার গর্জন— “বাংলা রুখে দাঁড়াবে, বাংলা লড়বে, আর শেষ পর্যন্ত বাংলা জিতবেই।”


