“বাংলা গানেই ফিরুক ধারাবাহিকের সুর”— হিন্দি আধিপত্য নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

Spread the love

বৃহস্পতিবার ‘মহানায়ক’ পুরস্কার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় সমালোচনা করলেন বাংলা ধারাবাহিকে হিন্দি গানের ক্রমবর্ধমান ব্যবহারের। তাঁর মতে, বাংলার সংস্কৃতি ও ভাষাকে অবহেলা করা হচ্ছে। তিনি নির্মাতাদের উদ্দেশে বললেন, বাংলা ধারাবাহিকে যেন বাংলা গানের ব্যবহার বাড়ে। পাশাপাশি উত্তর ভারতীয় সংস্কৃতি ও হিন্দি গানের প্রাধান্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “বাংলা ভাষায় কথা বললেই আজ অত্যাচার চলছে। মাতৃভাষা বাংলাকে আঁকড়ে ধরার এখনই সময়।” পুরস্কার গ্রহণ করতে আসা শিল্পী ও কলাকুশলীদের সামনে মুখ্যমন্ত্রী বাংলার গানের ঐতিহ্যের কথা তুলে ধরেন— পুলক বন্দ্যোপাধ্যায়, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়দের গান স্মরণ করেন তিনি।

এছাড়া বাংলা ধারাবাহিকগুলির কনটেন্ট নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “সিরিয়ালে শুধু ঝগড়া, বিষ দেওয়া, মারামারি দেখানো হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। এর প্রভাব সরাসরি সমাজে পড়ছে। শিশু-কিশোররা ভুল শিখছে, কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছে।”

শেষে নির্মাতা-প্রযোজকদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা— “ভালো কিছু শেখান। সমাজকে কিছু দিন, শুধু গণ্ডগোল দেখিয়ে ধারাবাহিক টানতে হবে না। বাংলা ভাষা, বাংলা গান, বাংলার গর্ব— এগুলোই হোক আগামী দিনের দিশা।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *