রাজ্যের প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে বাংলা সিনেমা চালানো বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার। গত সপ্তাহে নন্দনে টলিউড প্রযোজক-পরিচালক ও প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তে সিলমোহর পড়ল সরকারি বিবৃতিতে।
নতুন নিয়ম অনুযায়ী, বছরের ৩৬৫ দিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজ্যের সব সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে অন্তত একটি করে বাংলা সিনেমা প্রদর্শন করতেই হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে ‘যুগান্তকারী’ বলে মনে করছে টলিউড অন্দরমহল।
দীর্ঘদিন ধরে বলিউড ও দক্ষিণী মেগাবাজেট ছবির চাপে প্রেক্ষাগৃহে বাংলা সিনেমার শো কমে আসছিল। এমনকি ভালো ব্যবসা করা বাংলা ছবিও জায়গা হারাচ্ছিল হিন্দি বা দক্ষিণী ছবির কাছে। এই পরিস্থিতি বদলাতেই পদক্ষেপ রাজ্যের।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও নবাগত অভিনেতা কুণাল ঘোষ বলেন, “প্রতিটি স্ক্রিনে বিকেল তিনটা থেকে রাত ন’টার মধ্যে অন্তত একটি বাংলা সিনেমা চালানো বাধ্যতামূলক। এটা বাংলা ছবির প্রচার ও প্রসারের জন্য মুখ্যমন্ত্রীর সরকারের সিদ্ধান্ত। জয় বাংলা।”
তিনি আরও জানান, “বলিউডের সব সিনেমা হিট হয় না। অনেক ভালো বাংলা ছবি প্রাইম টাইমে স্লট পাচ্ছিল না। এখন কন্টেন্টই আসল—এটাই প্রমাণের সুযোগ মিলবে।”


