তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল না, সে ইঙ্গিতই শনিবার স্পষ্ট করে দিলেন প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নুর। নিজের রাজনৈতিক ঘর কংগ্রেসে প্রত্যাবর্তনের পর মালদহে ফিরে প্রয়াত বরকত গণি খান চৌধুরীর সমাধিতে মাথা ঠেকিয়ে ক্ষমা চাইলেন তিনি। কোতোয়ালি ভবনে প্রবেশের আগে মৌসম বলেন, তৃণমূলে যাওয়ার জন্য মামা গণি খানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।
এদিন কোতোয়ালির বাড়ির সামনে তাঁকে স্বাগত জানাতে কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলমালায় বরণ করা হয় মৌসমকে। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই জেলার মানুষের ভালোবাসা তিনি সবসময় পেয়েছেন। বিজেপির উত্থান রুখতেই একসময় তৃণমূলে যোগ দিয়েছিলেন বলেও জানান মৌসম। তবে দীর্ঘ প্রায় সাত বছর তৃণমূলের সঙ্গে থাকার পর ফের কংগ্রেসেই তাঁর রাজনৈতিক ঠিকানা বলে স্পষ্ট করেন তিনি।
এক সপ্তাহ আগে দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের হাত ধরে আনুষ্ঠানিকভাবে দলে ফেরেন মৌসম। শনিবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালদহ টাউন স্টেশনে পৌঁছতেই দলীয় কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। স্টেশন থেকে হুড খোলা গাড়িতে কোতোয়ালির উদ্দেশে রওনা দেন তিনি। মোটরবাইক শোভাযাত্রায় শামিল ছিলেন অসংখ্য কংগ্রেস কর্মী।
প্রয়াত বরকত গণি খান চৌধুরীর মাজারে শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রার্থনার পর কোতোয়ালি ভবনে প্রবেশ করেন মৌসম নুর। সেখানে একটি সভাও অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, জেলা কংগ্রেস সভাপতি ও সাংসদ ইশা খান চৌধুরী সহ একাধিক কংগ্রেস নেতা-কর্মী।


