আগামীকাল ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় আসছেন। মেট্রো পরিষেবা উদ্বোধনের পর দমদমে জনসভা করার কথা তাঁর। কিন্তু সেই সভার আমন্ত্রণ পেলেন না বঙ্গ বিজেপির দাপুটে নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে তিনি নিজেই সাংবাদিকদের সামনে জানান, “আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাই যেতেও পারি, নাও যেতে পারি। আমি কোথায় যাব আমি ঠিক করি, আমিই ঠিক করব।” তবে দলের নির্দেশ মেনে কাজ করে যাওয়ার কথাও ফের একবার স্পষ্ট করে দেন দিলীপ।
শমীক ভট্টাচার্য যখন রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নেন, তখন রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল—দলে ফের গুরুত্ব বাড়বে দিলীপ ঘোষের। কিন্তু মোদির দমদম সভার আমন্ত্রণ তালিকায় তাঁর নাম না থাকায় সেই জল্পনায় জল পড়ল বলেই মনে করছে মহল।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই রাজ্য বিজেপির অন্দরে প্রকট নব্য-পুরনো দ্বন্দ্ব। বাংলায় বিজেপির উত্থানের নেপথ্যে থাকা দিলীপ ঘোষ গত কয়েক বছরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছেন। এর আগেও মোদি কিংবা অমিত শাহ-র বঙ্গ সফরে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হল। ফলে প্রশ্ন উঠছে—রাজ্য বিজেপির নতুন নেতৃত্ব দিলীপকে কোথায় দাঁড় করাচ্ছে?


