কলকাতার আকাশে রাতের বেলায় রহস্যময় ড্রোন! চিন্তায় পুলিশ ও গোয়েন্দারা

Spread the love

কলকাতার আকাশে হঠাৎ করেই দেখা গেল সাতটি অজানা ড্রোন। তাও আবার গভীর রাতে! এই ঘটনা জানাজানি হতেই চিন্তায় পড়েছে কলকাতা পুলিশ। গোটা শহরে বাড়ানো হয়েছে নজরদারি। তদন্তে নেমেছে পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে মহেশতলা ও বেহালা দিক থেকে প্রথম এই ড্রোনগুলিকে দেখা যায়। এরপর তারা উড়তে থাকে হেস্টিংস, ফোর্ট উইলিয়াম, দ্বিতীয় হুগলি সেতু, ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়াল ও পার্ক সার্কাসের আকাশে। এর মধ্যে দুটি ড্রোন চলে যায় উত্তর কলকাতার দিকে।

হেস্টিংস থানার পুলিশ প্রথম এই ড্রোনগুলিকে দেখে লালবাজারে খবর দেয়। তারপরেই শহরের আরও কয়েকটি থানাকে সতর্ক করা হয়। ড্রোনগুলির ওপর নজর রাখতে শুরু করে পুলিশের গোয়েন্দা বিভাগ।

সম্প্রতি কাশ্মীরে পাকিস্তান ড্রোন দিয়ে হামলার চেষ্টা করেছিল। সেই ঘটনার পর কলকাতার মতো বড় শহরে এইভাবে রাতের বেলায় ড্রোন উড়া খুবই সন্দেহজনক বলে মনে করছে পুলিশ। বিশেষ করে ফোর্ট উইলিয়াম ও ভিক্টোরিয়ার মতো গুরুত্বপূর্ণ জায়গার উপর দিয়ে এই ড্রোনগুলি উড়েছিল বলে জানায় সূত্র।

পুলিশ এখন খুঁজে দেখছে, এই ড্রোনগুলি কেউ গোপনে ছবি তোলার জন্য পাঠিয়েছিল কিনা, না কি এর পেছনে কোনও গোয়েন্দাগিরির (চরবৃত্তি) চেষ্টা আছে। যদিও শেষ পর্যন্ত ড্রোনগুলি কোথায় গেল, তা এখনো জানা যায়নি।

এই ঘটনায় শহরের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *