শীত পড়তেই রাজ্যে নতুন করে আতঙ্ক ছড়াল নিপা ভাইরাস ঘিরে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দু’জন নার্স নিপা সংক্রমণে আক্রান্ত হয়ে বর্তমানে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে পূর্ব মেদিনীপুরে আরও এক ব্যক্তির শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকেরা। জেলা ও রাজ্য স্তরে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

এই আবহে রাজ্যের পাশে দাঁড়ানোর বার্তা দিল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা সোশ্যাল মিডিয়ায় জানান, পশ্চিমবঙ্গে নিপা সংক্রমণের বিষয়টি কেন্দ্র সরকার গুরুত্ব দিয়ে দেখছে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং প্রয়োজনীয় সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
নাড্ডার দাবি, কল্যাণী এইমসে নিপা সংক্রান্ত পরীক্ষা ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত রয়েছে। পাশাপাশি ল্যাব সুবিধা, নজরদারি ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দলকে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে কেন্দ্রীয় দল দ্রুত রাজ্যে পাঠানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।


