ভুটানের জল এবং বৃষ্টির জলে বিধ্বস্ত উত্তরবঙ্গ। প্রায় ২৫ জনের মৃত্যু হয়েছে ধসে। স্বজনহারা বহু পরিবার। ঘরবাড়ি হারিয়েছেন বহু মানুষ। আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ যাবার পথে কলকাতা বিমানবন্দর থেকে কেন্দ্রকে একাধিক বিষয়ে তোপ দেগেছেন মমতা। তাঁর বক্তব্য, মা মাটি মানুষের সংসার আমরা কোনওরকমে চালাচ্ছি। সন্দেশখালিতে একটা ঝড়ে কতগুলো বাড়ি ভেঙে গেল। দেখেছেন তো তাদের পরদিন বাড়ি করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে ২৩ জন মারা গেছেন। নাগরাকাটা, মিরিকে সব থেকে বেশি মারা গেছে। আমি জানি প্রাণের ক্ষতিপূরণ টাকা হয় না। তবুও তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং ১ জনকে স্পেশাল হোম গার্ডের চাকরি দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। মুখ্যমন্ত্রী আরও জানান, প্রশাসন পাশে রয়েছে। কমিউনিটি কিচেন খোলা হয়েছে পুলিশের তরফে। দুর্গতদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। এনডিআরএস এবং এসডিআরএফ একসঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে।



