জাদুসম্রাট পি সি সরকার জুনিয়রের বাড়িতে বিয়ের সানাই, কন্যা মৌবনীর রাজকীয় বিয়ে নিয়ে মাতামাতি সোশ্যাল মিডিয়ায়

Spread the love

জাদুর বাড়িতে এ যেন বাস্তবের রূপকথা! জাদুসম্রাট পি সি সরকার জুনিয়রের বাড়িতে রবিবার বসেছিল বিয়ের আসর। কন্যা মৌবনী সরকারের বিয়েতে উপচে পড়েছিল উচ্ছ্বাস, আলো আর আনন্দ। চন্দননগরের রিসার্চ অ্যানালিস্ট সৌম্য রায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন জাদুকরকন্যা।

বিয়ে ঘিরে তৈরি হয়েছিল সেলেবদের হুল্লোড়। টলি ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ হাজির ছিলেন এই হাই-প্রোফাইল বিয়েতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিয়ের ছবি ও ভিডিও।

ভিডিওয় দেখা গিয়েছে, কনের সাজে অপরূপা মৌবনী। বেগুনী রঙের বেনারসি, ভারী সোনার গয়নাগাটি, শাঁখা-পলা, টানা নথ, টিকলি, মুকুট—সব মিলিয়ে অপূর্ব লুক। চলছে আশীর্বাদ পর্ব, পরিবারের প্রবীণ সদস্যরা মিষ্টিমুখ করাচ্ছেন নবদম্পতিকে।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, জামাই সৌম্যর সঙ্গে হাসিমুখে আড্ডায় ব্যস্ত জাদুসম্রাট। সৌম্যর পরনে লাল ধুতি, প্রিন্টেড পাঞ্জাবি আর মাথায় মুকুট। জানা গিয়েছে, বিশেষ উপহারস্বরূপ পি সি সরকার জুনিয়র হবু জামাইকে দিয়েছেন হীরের বোতাম।

সোমবার সামনে এসেছে বিয়ের আরও কিছু ছবি। যেখানে কনে মৌবনীকে দেখা গিয়েছে দিদি মানেকা সরকার এবং অভিনেত্রী দেবশ্রী রায়ের মাঝখানে দাঁড়িয়ে।

এর আগে, রবিবার সকালে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। হলুদ শাড়ি, সোনার গয়না এবং একগাল হাসিতে নজর কেড়েছিলেন কনে। শনিবার সারেন মেহেন্দি পর্ব। হাত ভর্তি মেহেন্দিতে লেখা ছিল হবু স্বামীর নামের আদ্যাক্ষর।

সব মিলিয়ে—জাদু, আলো, আনন্দ আর আবেগে ভেসে গেল পি সি সরকারের বাড়ি। কন্যার বিয়েতে যেন সাজলো এক টুকরো রূপকথা!


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *