সিনেমাকেও হার মানাবে। অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের চেষ্টায় ব্যর্থ হল পাচারচক্র। বুধবার দুপুরে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার পুলিশ দুটি চারচাকা গাড়ি থেকে মোট ৬৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বাড়ি রানীনগর, সাগরপাড়া এবং ডোমকল থানা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গোপন সূত্রে খবর পেয়ে দৌলতাবাদ থানার ওসি উদয় ঘোষ সহ তার টিম এই অভিযান চালায়।এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন বহরমপুর সদর ডি.এস.পি. তমাল কুমার বিশ্বাস, বহরমপুর সার্কেল ইন্সপেক্টর প্রসেনজিৎ দত্ত এবং দৌলতাবাদ থানার ওসি উদয় ঘোষ সহ তার টিম।
সূত্রের খবর অনুযায়ী, বহরমপুরের দিক থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল দুটি সন্দেহজনক চারচাকা গাড়ি। পুলিশ পূর্ব প্রস্তুতি নিয়ে দৌলতাবাদের রাজ্য সড়কের নয় মাইল এলাকায় ওঁত পেতে থাকে। ঠিক দুপুরের সময় দুটি গাড়ি পৌঁছাতেই পুলিশ সেগুলিকে আটক করে। গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে দেখা যায়, গাড়ির চারদিকের ফাঁকা জায়গায় বিশেষভাবে তৈরি করা চেম্বারে ফেনসিডিলের বোতল লুকিয়ে রাখা হয়েছে।
পুলিশ ইস্ক্রু ড্রাইভার দিয়ে নাট খুলে গাড়ির চার পাশ থেকে একে একে ৬৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং সেগুলি সিলমোহর করে থানায় নিয়ে আসে। দুটি চারচাকা গাড়ি ও পাঁচজন পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ ।
বহরমপুর সদর ডি.এস.পি. তমাল কুমার বিশ্বাস জানান, “গোপন সূত্রে খবর পেয়েই আমরা দ্রুত ব্যবস্থা নিই। পুলিশের তৎপরতার ফলেই আজ বড়সড় মাদক পাচারচক্র ভেঙে দেওয়া সম্ভব হয়েছে। আমরা তদন্ত চালাচ্ছি, এর পেছনে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের আগামী কাল বৃহস্পতিবার বহরমপুর আদালতে তোলা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনও পাচারকারী চক্র রয়েছে কি না, তাও তদন্তের আওতায় এসেছে।
দৌলতাবাদ থানার এই সফল অভিযানে জেলাজুড়ে ব্যাপক প্রশংসা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।


