চলতি মরশুমে রাজ্যে আলুর ফলন হয়েছে প্রত্যাশার তুলনায় অনেক বেশি। ফলে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে লাভের বদলে লোকসানের চিন্তায় ভুগছিলেন কৃষকরা। বিশেষ করে সঠিক সংরক্ষণের অভাবে বাড়তি আলু নষ্ট হয়ে যাওয়ার ভয়ও ছিল প্রবল।
উল্লেখ্য, ২০২৩ সালে রাজ্য সরকারের পক্ষ থেকে ভিনরাজ্যে আলু বিক্রির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছিল। সেই সিদ্ধান্তের জেরে অনেক সময় সমস্যায় পড়তে হয়েছিল চাষিদের। তবে এবার পরিস্থিতি ভিন্ন। উৎপাদন বেশি হওয়ায় বাজারের ভারসাম্য বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই আবহেই মঙ্গলবার চন্দ্রকোণার প্রচারসভা থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও চাষি চাইলে এবার আলু ভিনরাজ্যেও বিক্রি করতে পারবেন। সরকারের তরফে সেই ক্ষেত্রে কোনও বাধা থাকবে না।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে কৃষক মহলে। তাঁদের আশা, রাজ্যের বাইরে আলু পাঠাতে পারলে অতিরিক্ত উৎপাদনের চাপ কিছুটা কমবে এবং ন্যায্য দাম পাওয়ার সম্ভাবনাও বাড়বে। এতে সম্ভাব্য লোকসান অনেকটাই এড়ানো যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


