দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা ফিশ ভেঙ্কট বর্তমানে গুরুতর অসুস্থ। কিডনির মারাত্মক জটিলতা নিয়ে তিনি হায়দরাবাদের একটি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি রয়েছেন এবং এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর জীবন বাঁচাতে অবিলম্বে কিডনি ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন।
এই পরিস্থিতিতে অভিনেতার পরিবার জনসাধারণ ও টলিউডের সহকর্মীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। তাঁর মেয়ে জানান, “আজ কেউ আর বাবাকে মনে রাখছে না।” সেই আবেগঘন আবেদন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এমন সংকটময় মুহূর্তে বড় মাপের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুপারস্টার প্রভাস। তিনি ফিশ ভেঙ্কটের কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য ₹৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। ইতিমধ্যে পবন কল্যাণ, চিরঞ্জীবী সহ আরও অনেক টলিউড তারকা তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
ফিশ ভেঙ্কটের চিকিৎসা ও কিডনি ডোনারের খোঁজ জারি রয়েছে। তাঁর পরিবার এবং ভক্তরা আশা করছেন, প্রভাসের মতো আরও তারকারা এগিয়ে এসে এই গুণী অভিনেতার জীবন বাঁচাতে সাহায্য করবেন।


