বলিউড অভিনেতা রাজকুমার রাও ও তাঁর স্ত্রী পাত্রলেখা তাঁদের সদ্যোজাত কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে দম্পতি জানান, তাঁদের মেয়ের নাম রাখা হয়েছে পার্বতী পল রাও। ছোট্ট সন্তানের হাত ধরে তোলা একটি ছবির সঙ্গে তাঁরা লেখেন, কৃতজ্ঞতা ও ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে তাঁদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদকে সকলের সামনে তুলে ধরছেন।
এই ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যা বইছে। অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বহু তারকা নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। রাজকুমার ও পাত্রলেখার পোস্টে স্পষ্ট, নতুন অতিথির আগমনে তাঁদের জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়।
উল্লেখ্য, রাজকুমার রাও ও পাত্রলেখা দীর্ঘদিনের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখতেই পছন্দ করেন এই তারকা দম্পতি। তবে মেয়ের নাম ঘোষণার ক্ষেত্রে ব্যতিক্রম করেই তাঁরা নিজেদের আনন্দ ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। পার্বতী পল রাও—এই নামেই এখন নতুন করে পরিচিতি পেল রাজকুমার-পাত্রলেখার ছোট্ট রাজকন্যা।



