২০২৫ সালের অন্যতম সুপারহিট ও বাণিজ্যসফল ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’। ১২৫ কোটি টাকা বাজেটে নির্মিত এই ছবিটি দেশজুড়ে ঝড় তুলেছিল, বক্স অফিসে আয় করেছিল ৯০০ কোটিরও বেশি। পরিচালক ও মুখ্য অভিনেতা ঋষভ শেঠির প্রশংসা যেমন সিনেমাপ্রেমী থেকে সমালোচক—সব মহলে সমানভাবে মিলেছিল, তেমনই ছবিতে তুলে ধরা তুলু সম্প্রদায়ের দেব-দেভীর উপাসনা, আঞ্চলিক সংস্কৃতি এবং লোকবিশ্বাসও বিশেষভাবে আলোচনায় আসে।
ঠিক এই জনপ্রিয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ছবিকে কেন্দ্র করেই এবার তীব্র বিতর্কে জড়ালেন বলিউড তারকা রণবীর সিং। গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এর মঞ্চে তিনি ‘কান্তারা’-য় দেখানো এক দেবীচরিত্রকে উল্লেখ করতে গিয়ে ‘মহিলা ভূত’ বলে ব্যঙ্গ করেন বলে অভিযোগ ওঠে। অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা প্রথমে মন্তব্যটি রসিকতা ভেবে নিলেও পরে তা দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে।
কর্নাটকের তুলু সম্প্রদায়ের একাধিক সদস্য জানিয়েছেন, রণবীরের মন্তব্য তাঁদের দেব-দেবীর প্রতি সরাসরি অবমাননা। তাঁরা দাবি করছেন, ছবিতে দেখানো দেবী তাঁদের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ এবং তাঁকে এভাবে ‘ভূত’ বলে ব্যঙ্গ করা ধর্মীয় ভাবাবেগে গভীর আঘাত হানে। ইতিমধ্যে সম্প্রদায়ের কয়েকটি সংগঠন অভিনেতার বিরুদ্ধে জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে। কেউ কেউ আইনি ব্যবস্থার কথাও ভাবছেন বলে জানা গেছে।
অন্যদিকে, রণবীর সিং–এর ঘনিষ্ঠ মহল থেকে খবর—তিনি ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান করেননি। মন্তব্যটি পুরোপুরি রসিকতা হিসেবেই করা হয়েছিল এবং কোনও ধর্মীয় বিশ্বাসকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। তবে বিতর্ক যেভাবে বেড়ে চলেছে, তাতে অভিনেতাকে আনুষ্ঠানিক বিবৃতি দিতে হতে পারে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকে।
আইএফএফআই কর্তৃপক্ষও পরিস্থিতির দিকে নজর রাখছে। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ দেশের একটি আন্তর্জাতিক মঞ্চে এমন মন্তব্য বিতর্কের সৃষ্টি করায় তারা বিব্রত। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক এখনো চলছে, আর তাতে আগুনে ঘি ঢালছে ভিডিও ক্লিপের বারবার ভাইরাল হওয়া। রণবীরের ভবিষ্যৎ প্রতিক্রিয়াই ঠিক করবে এই বিতর্ক কোথায় গিয়ে শেষ হবে।


