সাড়ে তিন বছরের শিশুকন্যাকে একা পেয়ে ধর্ষণ করেছিল যুবক। মাস তিনেক আগের সেই ঘটনার ভিডিও সম্প্রতি অভিযুক্ত ছড়িয়ে দেয় সামাজিক মাধ্যমে। তারপরই বিষয়টি জানতে পেরে থানার দ্বারস্থ হল নির্যাতিতার পরিবার। অভিযোগ পেতেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। ঘটনা বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার। ধৃতকে গ্রেফতার করে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায় মাস তিনেক আগে সাড়ে তিন বছরের এক শিশুকে একা পেয়ে ধর্ষণ করে প্রীতম সাঁতরা নামের বছর ১৯ বয়সী এক যুবক। ঘটনায় ওই শিশুর যৌনাঙ্গে আঘাত লাগে। বিষয়টি পরিবারের নজর এড়ায়নি। কিন্তু সেই সময় ওই শিশু ধর্ষণের ঘটনা পরিবারকে না জানানোয় বিষয়টিকে তেমন আমল দেননি শিশুর পরিবারের লোকজন। সম্প্রতি অভিযুক্ত যুবক শিশুটিকে যৌন হেনস্থার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি নির্যাতিতা শিশুর পরিবারের সদস্যদের নজরে আসে। এরপরই তড়িঘড়ি অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নির্যাতিতা শিশুর পরিবার ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করলে গতকাল রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশের পাশাপাশি নির্যাতিতা শিশুটির মেডিক্যাল পরীক্ষার জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত যুবকের কঠোর থেকে কঠোরতম সাজার দাবি জানিয়েছেন নির্যাতিতা শিশুর পরিবারের লোকজন।


