কন্যাশ্রী দিবসে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল

Spread the love

কন্যাশ্রী দিবসের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের স্কুলপড়ুয়াদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, সবুজ সাথী প্রকল্পের আওতায় নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই সক্রিয় হয়েছে নবান্ন। প্রশাসনিক সূত্রের খবর, আগস্টের শেষ সপ্তাহ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সাইকেল বিতরণ শুরু হয়ে যাবে। চেষ্টা চলছে যাতে সেপ্টেম্বরের শেষের মধ্যে, শারদোৎসবের আগে, সিংহভাগ পড়ুয়ার হাতে সাইকেলের চাবি পৌঁছে দেওয়া যায়।

সবুজ সাথী প্রকল্প চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১ কোটি ৩৮ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে। এবার নতুন করে আরও ১২ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পেলে সেই সংখ্যা পৌঁছবে প্রায় দেড় কোটিতে। এই প্রকল্পের দায়িত্ব পেয়েছে পশ্চিমবঙ্গ এসসি, এসটি ও ওবিসি উন্নয়ন এবং আর্থিক বিষয়ক পর্ষদ। তারা নোডাল এজেন্সি হিসেবে সাইকেল কেনা থেকে বিতরণ পর্যন্ত পুরো প্রক্রিয়া সামলাচ্ছে। নবান্নের শীর্ষকর্তাদের মতে, মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গেই বার্তা পৌঁছে গিয়েছে প্রশাসনের সর্বস্তরে এবং ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে সরকার। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার বা সবুজ সাথীর মতো প্রকল্পগুলি বহুদিন ধরেই রাজ্যের বড় ভোটব্যাঙ্ক গড়ে তুলেছে। তাই উৎসবের মরসুম শুরুর আগেই ছাত্রছাত্রীদের হাতে সাইকেলের চাবি তুলে দিয়ে সরকার চাইছে মানুষের মনে আস্থা বাড়াতে। তবে শাসকদলের দাবি, এই উদ্যোগ কেবল রাজনৈতিক সমীকরণ নয়, ভবিষ্যৎ প্রজন্মকে সহযোগিতা করার প্রতিশ্রুতিই এর আসল লক্ষ্য।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *