শিয়ালদহ ডিভিশনে ফের রেল পরিষেবায় বড় বদল। রক্ষণাবেক্ষণের কাজের জন্য কয়েকটি ট্রেন বাতিল ও একাধিক লোকালের রুট সংক্ষিপ্ত করল পূর্ব রেল। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত শিয়ালদহ–বিধাননগর রোড স্টেশনের মাঝে ১ নম্বর ব্রিজের ৫ নম্বর লাইনে চলবে মেরামতি। সেই সময় পরিষেবা আংশিকভাবে ব্যাহত থাকবে।
পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী ১৫ ডিসেম্বর (সোমবার) রাত ১১টা ৪৫ মিনিট থেকে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত রক্ষণাবেক্ষণ চলবে। এর ফলে ৩১৪৪৭ শিয়ালদহ–নৈহাটি লোকাল এবং ৩১৪৫০ নৈহাটি–শিয়ালদহ লোকাল পুরোপুরি বাতিল থাকছে।
এছাড়াও কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তিত হল—
৩৩৮৫৮ বনগাঁ–শিয়ালদহ লোকাল সোমবার দমদম ক্যান্টনমেন্ট পর্যন্তই চলবে।
৩১৫৪২ শান্তিপুর–শিয়ালদহ লোকাল সোমবার বারাকপুরে যাত্রা শেষ করবে।
১৬ ডিসেম্বর সকালে ৩১৫১১ শিয়ালদহ–শান্তিপুর লোকাল বারাকপুর থেকে যাত্রা শুরু করবে।
একই দিনে ৩৩৮১৫ শিয়ালদহ–বনগাঁ লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে চলা শুরু করবে।
রক্ষণাবেক্ষণ শেষে মঙ্গলবার ভোরে ৫৩১৭১ শিয়ালদহ–লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটিও নতুন সময় অনুযায়ী ছাড়বে। আগের ভোর ৩:৪৫-এর বদলে ৪:১৫ মিনিটে ছাড়বে ট্রেনটি।
যাত্রীদের উদ্দেশে পূর্ব রেলের পরামর্শ, যাত্রার আগে সম্ভাব্য পরিবর্তন বা দেরির সম্ভাবনার বিষয়টি জেনে নেবেন।


