শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল এক প্রৌঢ়ের। রবিবার সকালে চাঁপাপুকুর স্টেশন ছেড়ে ট্রেন উত্তর দেবীপুরের দিকে এগোচ্ছিল, সেই সময় ৩৭ নম্বর রেলগেটের কাছে হঠাৎ করেই ট্রেন থেকে পড়ে যান সুকুমার সরকার নামে ৫৩ বছরের এক ব্যক্তি। সঙ্গে সঙ্গেই আরপিএফ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত সুকুমার সরকার বসিরহাটের মাটিয়া থানা এলাকার নেহালপুরের বাসিন্দা ছিলেন। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ভিড়ের চাপে পড়ে যাওয়া, কারও ধাক্কা, অথবা আত্মহত্যা— সব দিকই খতিয়ে দেখছে রেলপুলিশ। ঘটনায় এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।


