পুজোর ছুটি কিংবা গরমের অবকাশ—বেড়াতে যাওয়ার দিন ট্রেন ধরতে পৌঁছে গিয়েছেন শিয়ালদহ স্টেশনে। কিন্তু তার পরেই বাড়ে আরেক চিন্তা—কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আপনার ট্রেন? হাঁ করে তাকিয়ে থাকতে হয় ডিসপ্লে বোর্ডের দিকে। কখন দেখা যাবে আপনার ট্রেনের নাম আর প্ল্যাটফর্ম নম্বর—সে এক উৎকণ্ঠার প্রতীক্ষা।
এই চেনা সমস্যারই এবার স্থায়ী সমাধানে উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। দেশের সবচেয়ে ব্যস্ততম স্টেশন শিয়ালদহে এবার থেকে আগাম জানা যাবে কোন গন্তব্যের ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। যাত্রীরা আগে থেকেই পেয়ে যাবেন সম্ভাব্য প্ল্যাটফর্ম নম্বর—ফলে ট্রেন ধরতে আর তাড়াহুড়ো নয়, ভরসার সঙ্গে পৌঁছনো যাবে নির্দিষ্ট প্ল্যাটফর্মে।
রেল জানাচ্ছে, শিয়ালদহ স্টেশনে প্রতিদিন যাতায়াত করেন প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী। শহর ও শহরতলির মধ্যে সংযোগ স্থাপনের জন্য এখানে রোজ চলাচল করে অন্তত ৯১৫টি লোকাল ট্রেন। এত যাত্রীর চাপ সামলাতে এবার প্ল্যাটফর্ম ভিত্তিক ট্রেন নির্দিষ্টকরণ চালু করা হল।
কোন ট্রেন, কোন প্ল্যাটফর্ম? দেখে নিন তালিকা—
✅ প্ল্যাটফর্ম ১-৫:
গেদে, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত, বারাকপুর লোকাল
✅ প্ল্যাটফর্ম ৫-৮:
ডানকুনি, বারুইপাড়া লোকাল
✅ প্ল্যাটফর্ম ৬-১০:
বনগাঁ, বারাসত, দত্তপুকুর, হাবড়া, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম লোকাল
✅ প্ল্যাটফর্ম ৯, ১১, ১৪:
সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন
✅ প্ল্যাটফর্ম ১৫-২১:
শিয়ালদহ দক্ষিণ শাখার সমস্ত ট্রেন
যাত্রীদের জন্য বড় স্বস্তি
রেলের এই উদ্যোগ নিঃসন্দেহে বড় স্বস্তির খবর নিত্যযাত্রীদের জন্য। বিশেষ করে যাঁরা রোজকার ব্যস্ত সময়ে শিয়ালদহে ট্রেন ধরেন, তাঁদের অনেকটাই সুবিধা হবে আগাম প্ল্যাটফর্ম জেনে গেলে। প্ল্যাটফর্মের হুড়োহুড়ি, দ্বিধা ও দুশ্চিন্তার দিন শেষ।
রেলসূত্রে খবর, এই নির্দিষ্ট প্ল্যাটফর্ম ব্যবস্থা দ্রুত চালু হচ্ছে, এবং প্রয়োজনে ডিজিটাল ডিসপ্লে, মোবাইল অ্যাপ ও ঘোষণা ব্যবস্থার মাধ্যমেও যাত্রীদের সময়মতো জানিয়ে দেওয়া হবে ট্রেন-প্ল্যাটফর্ম তথ্য।


