পূর্ব রেলের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হল রবিবার, শিয়ালদহ–রানাঘাট রুটে প্রথমবারের মতো চালু হল এসি লোকাল ট্রেন। সোমবার, ১১ আগস্ট থেকে নিয়মিত যাত্রী পরিষেবা শুরু করবে এই ট্রেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিয়ালদহ স্টেশনে বক্তব্য রাখেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, “স্টেশনের নাম পরিবর্তন অনেকটাই রাজ্য সরকারের প্রস্তাবের উপর নির্ভর করে। আমার আর্জি— কেন্দ্রের কাছে প্রস্তাব দিন, যাতে শিয়ালদহ স্টেশনের নাম রাখা হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর নামে। কারণ, একসময় হাজার হাজার উদ্বাস্তু এই স্টেশনে এসে পৌঁছেছিলেন এবং তাঁদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছিলেন তিনিই।”
সুকান্তের এই মন্তব্যের পালটা দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন চুঁচুড়ায় এক অনুষ্ঠান থেকে তিনি বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রদ্ধেয় ব্যক্তি, তাঁর নামে তো বন্দর রয়েছে, শিয়ালদহ স্টেশন কেন? বরং স্বামী বিবেকানন্দ-কে সামনে রেখে নামকরণ হোক। শিকাগো ধর্মসভায় ঐতিহাসিক বক্তৃতার পর তিনি যখন দেশে ফিরেছিলেন, শিয়ালদহ স্টেশনেই নেমেছিলেন। বিশ্বজয়ের পর শিয়ালদহে পা রেখেছিলেন বিবেকানন্দ। যদি নামবদল করতেই হয়, তাঁর নামে হোক।”
এই প্রস্তাব ও পাল্টা প্রস্তাব ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকে বিষয়টিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের ঘনঘন নামবদলের সঙ্গে তুলনা করছেন, আবার প্রশ্ন উঠছে— ঐতিহ্যবাহী নাম বদলের প্রয়োজনই বা কতটা?


