বলিউডের কিং শাহরুখ খান আবারও প্রমাণ করলেন তাঁর মানবিক দিক। বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের হাজারো অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তিনি। নিজের স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’-এর মাধ্যমে ১৫০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ খান।
টানা বৃষ্টির ফলে ভয়াবহ বন্যায় ডুবে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। বহু মানুষ গৃহহীন হয়েছেন, প্রাণহানির ঘটনাও ঘটছে ক্রমাগত। পরিস্থিতি এতটাই জটিল যে রাজ্য সরকার ইতিমধ্যেই পাঞ্জাবকে বিপর্যস্ত অঞ্চল ঘোষণা করেছে। এই দুর্যোগের মাঝেই নিঃশব্দে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে শাহরুখ খানের টিম।
সংস্থার পক্ষ থেকে দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে খাবার, বিশুদ্ধ পানীয় জল, ওষুধ, তোষক, মশারি, ফোল্টিং কট সহ নানান প্রয়োজনীয় সামগ্রী। শুধু তাই নয়, দুর্গত পরিবারগুলির চিকিৎসার দায়িত্বও নিয়েছে ‘মীর ফাউন্ডেশন’। ইতিমধ্যেই অমৃতসর, পাতিয়ালা, ফিরোজপুর, ফজিলকা-সহ বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে শাহরুখের সাহায্য।
এর আগে শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাববাসীদের মানসিক শক্তি কামনা করে লিখেছিলেন—
“এই ভয়াবহ পরিস্থিতিতে আমার মন পাঞ্জাবের মানুষের জন্য কাঁদছে। ঈশ্বর তাঁদের শক্তি দিন, তাঁদের মনোবল যেন ভেঙে না পড়ে।”
এবার সেই সহমর্মিতাকে কাজে রূপ দিলেন কিং খান। বানভাসি পরিবারগুলিকে নতুন করে ঘর তৈরি করতে ও জীবনের চাকা ঘুরিয়ে দিতে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তাঁর সংস্থা।


