বাংলায় শুরু হয়ে গেল এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। এই প্রক্রিয়া ঘিরে যখন রাজ্যজুড়ে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে, তখনই পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রেড রোডে আম্বেদকর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মিছিল শুরু করেন মমতা। মিছিল যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। মিছিলে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধি থেকে শুরু করে এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যরাও। টিটাগড়ের কাকলি সরকার, ইলামবাজারের ক্ষিতীশ মজুমদার ও পূর্ব মেদিনীপুরের সিরাজ— তাঁদের পরিবারের সদস্যরাও ছিলেন এই মিছিলে।
মিছিল শুরুর আগে পরিবারের সবার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূলের এই নেতা।
উল্লেখ্য, সোমবারই বাংলায় এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপর থেকেই রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে ভয় ও বিভ্রান্তি। অভিযোগ, পানিহাটির প্রদীপ কর ও বারাকপুরের কাকলি সরকার আত্মহত্যা করেছেন এই আতঙ্কে। পূর্ব মেদিনীপুরের সিরাজও নথির ভুল নিয়ে উদ্বেগে ভুগে প্রাণ হারান বলে দাবি পরিবারের।
রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে এই ঘটনাগুলি।


