নিজস্ব সংবাদদাতা: গায়ে আঘাতের চিহ্ন নেই। ক্ষত মনে। আর সেই ক্ষত শেখাল কীভাবে সুশৃঙ্খল হতে হয়, সংযত হতে হয়। স্মৃতি মান্দনা, এককথায় সেটারই প্রমাণ দিলেন বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ। একদিকে ছিলেন জর্জিয়া ভল। আরেকদিকে ক্যাপ্টেন্সির দায়িত্ব কাঁধে নেওয়া স্মৃতি। সামনে লক্ষ্য ২০৪। দ্বিতীয় ওভারে শুরুতে গ্রেস হ্যারিসের উইকেট হারিয়েও টলে যায়নি ব্যাঙ্গালোর। বলা ভালো, টলতে দেননি স্মৃতি। শেষের দিকে পরপর ভুল শট। জর্জিয়া এবং রিচার উইকেট পতন। তবুও মাথা ঠান্ডা মান্দনার। শক্ত হয়ে ব্যাটন সামলেছেন। ৪১ বলে ৮৭ রান। তারপরে রাধার ব্যাটিং। ৬ উইকেটে জয় আরসিবির। বিশিষ্ট মহল বলছে, সংযত থেকে সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি। এর কারণেই WPL 2026 এর কাপ রয়ালদের।
বিশ্বকাপের পরেই সেজেছিল বিয়ের মণ্ডপ। ফাইনাল ডেস্টিনেশনের কয়েক ঘণ্টা আগে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন স্মৃতি। কারণ অবশ্য আজও অজানা। কিন্তু কোন কারণে ৫ বছরের সম্পর্কে ইতি টানলেন স্মৃতি? কতটা ভেঙেছিলেন তিনি? তা নিয়ে বৃহস্পতিবার ম্যাচের শেষে মুখ খুলেছেন আরসিবির স্পিনার, ভারতীয় মহিলা দলের বোলার শ্রেয়াঙ্কা পাতিল। শ্রেয়াঙ্কা জয়ের পরে জানিয়েছেন, ‘ এই জয়ের পরে ৩ জনের নাম বলতে চাই। প্রথমটা স্মৃতি। কারণ গত কয়েকমাসে ওকে অনেককিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাই এই জয়ের ট্রিবিউট ওকে (স্মৃতি)।’


