যুবভারতী ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক বিশৃঙ্খলার আবহে নিজের সুনাম নষ্ট করার অভিযোগ তুলে লালবাজারে লিখিত অভিযোগ দায়ের করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর্জেন্টিনা ফুটবল দলের একটি ফ্যান ক্লাবের কর্তা উত্তম সাহা তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেছেন—এমনটাই অভিযোগ প্রাক্তন ভারতীয় অধিনায়কের। বৃহস্পতিবার ইমেলের মাধ্যমে কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগপত্র পাঠিয়েছেন সৌরভ।
অভিযোগে সৌরভ জানিয়েছেন, ওই ব্যক্তি জেনেশুনে মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর মন্তব্য করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। দীর্ঘ ক্রীড়া জীবন ও ক্রীড়া প্রশাসক হিসেবে দেশে-বিদেশে অর্জিত সুনাম এই মন্তব্যে আঘাতপ্রাপ্ত হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, গত শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসির সংক্ষিপ্ত উপস্থিতিকে ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়। দর্শকদের একাংশ মেসিকে ঠিকমতো দেখতে না পারায় ক্ষোভ ছড়িয়ে পড়ে, যার জেরে ভাঙচুরও হয়। এই ঘটনার পর মূল আয়োজক শতদ্রু দত্তের পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম জড়িয়ে কিছু মন্তব্য করা হয় বলে অভিযোগ। সেই মন্তব্যের বিরুদ্ধেই এবার আইনি পথে হাঁটলেন সৌরভ।


