ডায়াবেটিস রোগীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠল ইনসুলিন ইনজেকশন চুরি। মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে বিপুল পরিমাণ ইনসুলিন ও সেমাগ্লুটাইড ইনজেকশন উধাও হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড আশঙ্কা করছে, চুরি হওয়া ওষুধ কালোবাজারের চক্রের হাতে পৌঁছতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ইনসুলিন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের ইনজেকশন একটি নির্দিষ্ট তাপমাত্রায় না রাখলে তা কার্যক্ষমতা হারায়। ফলে রোগীরা যদি সেই ওষুধ কালোবাজার থেকে কিনে ব্যবহার করেন, তাহলে বিপরীত প্রতিক্রিয়ায় শরীরে ভয়াবহ জটিলতা দেখা দিতে পারে।
ওষুধ প্রস্তুতকারক সংস্থা নোভো নরডিস্ক জানিয়েছে, ব্যাচ নম্বর মিলিয়ে বাজারে বিক্রি হওয়া ইনজেকশন যাচাই করতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন ফার্মেসিকে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
পুলিশ চুরির তদন্ত শুরু করেছে এবং কেন্দ্রীয় সংস্থার নির্দেশ অনুযায়ী কালোবাজারি রোধে নজরদারি জোরদার হয়েছে। পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল বোর্ড জানিয়েছে, বাজারে সন্দেহজনক ইনজেকশন দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


