ভেনেজুয়েলা ইস্যুতে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন, পুরনো কবিতায় নতুন করে প্রতিবাদ তসলিমা নাসরিনের

Spread the love

ভেনেজুয়েলাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে ফের অশান্তির আবহ। বামপন্থী শাসনে থাকা তেলসমৃদ্ধ এই দেশকে ঘিরে মার্কিন অভিযানের খবরে উত্তাল বিশ্বমহল। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করে আমেরিকার মাটিতে বিচার করার ঘোষণাকে অনেকেই দেখছেন সার্বভৌম রাষ্ট্রের উপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে।

এই পরিস্থিতিতে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে নিজের প্রতিবাদী অবস্থান স্পষ্ট করলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন। কোনও নতুন লেখা নয়, ফেসবুকে বহু বছর আগে লেখা একটি কবিতা শেয়ার করেই বর্তমান ঘটনাপ্রবাহের সঙ্গে আমেরিকার ভূমিকাকে মিলিয়ে দিয়েছেন তিনি।

কবিতাটির শিরোনামই তীব্র— ‘আমেরিকা’। কবিতার প্রতিটি পঙ্‌ক্তিতে উঠে এসেছে এক সুপার পাওয়ার রাষ্ট্রের বিরুদ্ধে প্রশ্ন, ক্ষোভ ও ধিক্কার। কখনও তা প্রশ্নের আকারে, কখনও সরাসরি অভিযোগে—তসলিমা তুলে ধরেছেন যুদ্ধ, বোমা, ধ্বংস আর মৃত্যুর রাজনীতিকে।

এই কবিতায় শুধু একটি দেশের কথা নয়, বরং দশকের পর দশক ধরে বিভিন্ন দেশে মার্কিন সামরিক হস্তক্ষেপের ইতিহাসও তুলে ধরা হয়েছে। লাতিন আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য—একাধিক অঞ্চলের নাম উল্লেখ করে তিনি বোঝাতে চেয়েছেন, কীভাবে যুদ্ধ ও ক্ষমতার রাজনীতি সাধারণ মানুষের জীবন ধ্বংস করেছে।

তসলিমার ভাষায়, আমেরিকার কাছে অনুশোচনা ও আত্মসমালোচনাই একমাত্র পথ। কবিতার শেষাংশে সেই ধিক্কার আরও তীব্র হয়ে ওঠে, যেখানে তিনি সভ্যতার নামে সহিংসতার প্রশ্ন তোলেন।

লেখিকা নিজেই জানিয়েছেন, কবিতাটি বহু পুরনো—ইরাক যুদ্ধের সময়কার। কিন্তু আজ ভেনেজুয়েলা প্রসঙ্গে ফের সেই কবিতা সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠছে, আদৌ কি বদলেছে আমেরিকার বিশ্ব রাজনীতির চরিত্র? নাকি সময় বদলালেও আগ্রাসনের ভাষা একই রয়ে গেছে?


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *