বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্বে গাফিলতি করলে এবার সরাসরি আর্থিক শাস্তির মুখে পড়তে পারেন সরকারি কর্মচারীরা। এমনই কড়া সিদ্ধান্তের পথে তেলেঙ্গানা সরকার। প্রস্তাবিত নতুন আইনে বলা হয়েছে, যদি কোনও সরকারি কর্মী তাঁর প্রবীণ বাবা-মায়ের দেখভাল না করেন বা তাঁদের অবহেলার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁর মাসিক বেতনের ১০ শতাংশ কেটে নেওয়া হবে। ওই টাকা সরাসরি বাবা-মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।
এই বিষয়ে আইন আনার সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সোমবার এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বহু বয়স্ক বাবা-মা তাঁদের সন্তানদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলছেন। এই অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং সরকার আর চোখ বুজে থাকতে পারে না।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে রেট্রোফিটেড মোটরচালিত যান, ব্যাটারিচালিত ট্রাইসাইকেল, হুইলচেয়ার, ল্যাপটপ, শ্রবণযন্ত্র ও মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, পরিবারে প্রবীণদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সামাজিক দায়িত্ব। নতুন আইনের মাধ্যমে সরকারি কর্মীদের ক্ষেত্রে এই দায়িত্ব আরও কড়াভাবে কার্যকর করা হবে।
প্রশাসনের মতে, এই সিদ্ধান্তের ফলে শুধু আর্থিক সহায়তাই নয়, বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধও বাড়বে। শিগগিরই এই সংক্রান্ত আইনি কাঠামো চূড়ান্ত করা হবে বলে সূত্রের খবর।


