দক্ষিণী সুপারস্টার তথা ‘জনা নায়কন’ অভিনেতা থালাপতি বিজয়ের বিরুদ্ধে ফের বড় আইনি ধাক্কা। মাদ্রাজ হাইকোর্ট অভিনেতার দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে এবং আয়কর দফতরের আরোপ করা ১.৫ কোটি টাকার জরিমানাকে বৈধ বলে বহাল রেখেছে। আদালতের এই সিদ্ধান্তের ফলে বিজয়ের বিরুদ্ধে আরোপিত কর সংক্রান্ত চাপ আরও বাড়ল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
সূত্রের খবর, এই জরিমানার বিষয়টি মূলত ২০১৫-১৬ অর্থবর্ষের আয় সংক্রান্ত একটি পুরনো মামলার সঙ্গে জড়িত। আয়কর বিভাগ দাবি করেছিল, ওই সময় বিজয়ের কিছু আয়ের হিসাব ঠিকভাবে প্রকাশ করা হয়নি বা আয় সংক্রান্ত তথ্য গোপন করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই আয়কর বিভাগ জরিমানা আরোপ করে। বিজয় এই জরিমানাকে চ্যালেঞ্জ করে আদালতে যান এবং দাবি করেন যে, জরিমানার প্রক্রিয়াগত দিক বা সময়সীমা সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে।
তবে মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিয়েছে, আয়কর বিভাগের তরফে জরিমানা আরোপের ক্ষেত্রে আইনগত সময়সীমা ও নিয়ম মেনেই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে এই পর্যায়ে আদালত হস্তক্ষেপ করতে রাজি হয়নি এবং বিজয়ের আবেদন খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট, শুধুমাত্র সময়সীমা বা প্রক্রিয়াগত ত্রুটির যুক্তিতে জরিমানা বাতিলের দাবি গ্রহণযোগ্য নয়।
এই রায়ের ফলে আপাতত আয়কর দফতরের জরিমানা বহাল থাকলেও, বিজয়ের জন্য পুরো রাস্তা বন্ধ হয়নি। আদালত জানিয়েছে, তিনি চাইলে Income Tax Appellate Tribunal (ITAT)-এ অন্য আইনি যুক্তিতে এই জরিমানা নিয়ে আবারও লড়াই চালাতে পারেন। অর্থাৎ আইনি লড়াই চলতে পারে, কিন্তু বর্তমানে এটি বিজয়ের জন্য নিঃসন্দেহে বড় setback।
রাজনৈতিক মহলেও এই রায়কে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ বিজয় ইতিমধ্যেই রাজনীতিতে সক্রিয় এবং ভবিষ্যৎ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। এমন পরিস্থিতিতে এই কর মামলার ধাক্কা তার ভাবমূর্তির উপর প্রভাব ফেলতে পারে বলেই মত পর্যবেক্ষকদের।


