নতুন লোগো, নতুন স্লোগান—২৬-এর ভোটের আগে আক্রমণাত্মক তৃণমূল

Spread the love

বঙ্গ বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হতেই রাজনৈতিক ময়দানে নতুন সুরে বার্তা দিল তৃণমূল কংগ্রেস। শাসকদলের অফিশিয়াল সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে নতুন স্লোগান— ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে একটি নতুন লোগো, যেখানে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।

এই স্লোগানকে সামনে রেখেই ২০২৬-এর বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছে তৃণমূল। দলীয় সূত্রের দাবি, রাজ্যে বিজেপির বিরুদ্ধে যে ক্ষোভ জমেছে, এই স্লোগান সেই মনোভাবকেই তুলে ধরছে। নতুন লোগো ও প্রচারাভিযানের মাধ্যমে সংগঠনকে আরও শক্তপোক্ত করার লক্ষ্য নিয়েছে শাসকদল।

তৃণমূলের সমাজমাধ্যম পোস্টে বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে বলা হয়েছে, দিনের পর দিন শোষণ, হেনস্তা ও ভয় দেখানোর রাজনীতির প্রতিবাদই এই লোগোর মূল বার্তা। বিজেপিকে ‘বাংলা-বিরোধী জমিদার’ বলে কটাক্ষ করে দাবি করা হয়েছে, ২০২৬ সালে বাংলার মানুষ গণতান্ত্রিকভাবেই বিজেপিকে বিদায় জানাবে।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানকে সামনে রেখে বিপুল সাফল্য পেয়েছিল তৃণমূল। বহিরাগত ইস্যুকে সামনে এনে বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ ছিল সেই প্রচারের মূল অস্ত্র। পরবর্তী লোকসভা নির্বাচনেও বিজেপিকেই প্রধান প্রতিপক্ষ ধরে স্লোগান সাজিয়েছিল শাসকদল।

এবার নতুন স্লোগানকে সামনে রেখে মাঠে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগণা থেকে তাঁর রাজ্যজুড়ে কর্মসূচি শুরু হচ্ছে। পর্যায়ক্রমে বীরভূম, রানাঘাট-কৃষ্ণনগর সহ একাধিক জেলায় সভা ও কর্মসূচিতে অংশ নেবেন তিনি। কলকাতাতেও রয়েছে কর্মসূচি। স্পষ্ট, ভোটের লড়াইয়ে নামার আগে থেকেই রাজনৈতিক ময়দান গরম করতে প্রস্তুত তৃণমূল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *