বিদেশি ট্রাকে ট্রাম্পের ‘শুল্ক কোপ’! ২৫ শতাংশ শুল্ক আরোপে তোলপাড় বাণিজ্য মহল

Spread the love

আন্তর্জাতিক বাণিজ্যে ফের ‘ঝড়’ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্কনীতির ‘অস্ত্র’ হাতে নিয়ে এবার কার্যত যুদ্ধ ঘোষণা করলেন বিদেশি ট্রাক নির্মাতাদের বিরুদ্ধে। সোমবার ওয়াশিংটন থেকে ঘোষণা করলেন— আগামী ১ নভেম্বর থেকে আমেরিকায় আমদানি হওয়া মাঝারি ও ভারী ট্রাকের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে।

ট্রাম্পের দাবি, “আমেরিকার চাকরি বাঁচাতে, আমেরিকার মাটি থেকেই গাড়ি তৈরি করতে হবে।” তাঁর বক্তব্য স্পষ্ট— বিদেশি ট্রাকের দাপটে যে ভাবে মার্কিন উৎপাদনশিল্প চাপে পড়েছে, এবার সেটাই রুখবেন তিনি।

কিন্তু এই সিদ্ধান্তে চাপে পড়তে চলেছে কানাডা ও মেক্সিকো। মার্কিন বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ২ লক্ষ ৪৬ হাজার মাঝারি ও ভারী ট্রাক আমদানি করা হয়েছে, যার বেশিরভাগই এসেছে এই দুই প্রতিবেশী দেশ থেকে। খরচের অঙ্ক প্রায় ২০.১ বিলিয়ন ডলার।

এসঅ্যান্ডপি গ্লোবাল-এর রিপোর্ট জানাচ্ছে, বর্তমানে আমেরিকায় ব্যবহৃত ৮০ শতাংশ ট্রাক বিদেশে তৈরি হয়। ফলে ট্রাম্পের এই নতুন শুল্কনীতিকে বিশেষজ্ঞরা দেখছেন “নয়া বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত” হিসেবে।

অর্থনীতিবিদদের একাংশের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্তে মার্কিন ট্রাক কোম্পানিগুলি কিছুটা স্বস্তি পেলেও, ট্রাকের দাম বাড়বে সাধারণ আমেরিকান ক্রেতার জন্য, এবং এর ফলেই মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়তে পারে। অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাগুলি বলছে— ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ববাজারে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *