জাপান সফরে গিয়ে আবারও প্রোটোকল লঙ্ঘনের নানান ‘কাণ্ড’ করে সোশ্যাল মিডিয়ার ট্রলদুনিয়ায় শিরোপা কুড়োলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাঁকে দেওয়া ‘গার্ড অব অনার’ অনুষ্ঠানে ট্রাম্পের আচরণ দেখে একপ্রকার হতবাক উপস্থিত নিরাপত্তা কর্মকর্তারা। আর সেই দৃশ্য ভাইরাল হতেই হাসিতে ফেটে পড়েছে নেটিজেনরা।
ঘটনা অনুযায়ী, অভ্যর্থনা মঞ্চে ট্রাম্পকে স্যালুট করার মুহূর্ত এলে তিনি প্রথমে হাত তুললেন, আবার নামিয়ে ফেললেন। তারপর যেন পুরো পরিস্থিতি সম্পর্কে একেবারেই অজ্ঞ—হেঁটেই চললেন সামনের দিকে! জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি বারবার তাঁকে থামার সংকেত দিলেও ট্রাম্পের যেন কিছুই মনে থাকছে না। আত্মবিশ্বাসহীন, আনমনা হাঁটা—সব মিলিয়ে এক অদ্ভুত অবস্থার সৃষ্টি হয় সেখানে।
শেষপর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী নিজেই এগিয়ে এসে ট্রাম্পকে নির্দিষ্ট ডায়াসে পৌঁছে দেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে কটাক্ষ ও হাসির বন্যা।
সাম্প্রতিক সময়ে ৭৯ বছর বয়সি ট্রাম্পের মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন ক্রমশই বাড়ছে। সম্প্রতি তিনি ভারতকে ইরানের সঙ্গে গুলিয়ে ফেলেন। এমনকি দাবি করেন—শুল্ক নীতির কারণেই নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকানো গেছে!


