যন্তর মন্তরে লাগাতার ধরনা। প্রতিবাদ। জনগণের গর্জনের জবাব দিল শীর্ষ আদালত। ধর্ষণে অভিযুক্ত বিজেপির প্রাক্তন বিধায়কের জেলমুক্তি আপাতত নয়।
উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত কুলদীপ সেঙ্গারের জামিনে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তাকে কোনওভাবেই হেফাজত থেকে মুক্তি দেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। এর আগে উন্নাও কাণ্ডে দোষী সাব্যস্ত কুলদীপ সিং সেঙ্গারের জামিন মঞ্জুর করেছিল দিল্লি হাইকোর্ট। সোমবার সেই রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের আর্জি জানান। সেই আর্জিতে সিলমোহর দিয়ে দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
২০১৭ সাল। উত্তরপ্রদেশে ১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। তাতে দোষী সাব্যস্ত হন উন্নাওয়ের তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। সবপক্ষকে নোটিশ জারি শীর্ষ আদালতের। ৪ সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ।


