ভিসা নীতি আরও কঠোর করল যুক্তরাষ্ট্র। আমেরিকায় গিয়ে সন্তানের জন্ম দেওয়ার উদ্দেশ্যে পর্যটন ভিসার আবেদন করলে তা সরাসরি বাতিল হতে পারে বলে সতর্ক করল মার্কিন দূতাবাস। ভারতীয় ভিসা আবেদনকারীদের উদ্দেশে দূতাবাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি কোনও আবেদনকারীর মূল উদ্দেশ্য হয় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নেওয়া, তাহলে সেই আবেদন গ্রহণযোগ্য হবে না। মার্কিন দূতাবাসের মতে, এটি পর্যটন ভিসার অপব্যবহার এবং ‘বার্থ ট্যুরিজম’-এর আওতায় পড়ে, যা মার্কিন আইনে অনুমোদিত নয়।
দূতাবাস জানিয়েছে, B-1 বা B-2 ক্যাটাগরির ভিসা শুধুমাত্র ভ্রমণ, ব্যবসা, চিকিৎসা বা ব্যক্তিগত বৈধ প্রয়োজনে ব্যবহারের জন্য। এই ভিসার আড়ালে অন্য কোনও উদ্দেশ্য থাকলে তা ধরা পড়লে শুধু আবেদন বাতিলই নয়, ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সে দেশে জন্মগ্রহণকারী শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়, কিন্তু সেই সুবিধা নেওয়ার জন্য পরিকল্পিতভাবে পর্যটন ভিসা ব্যবহার করাকে কড়া চোখে দেখছে আমেরিকা। ফলে ভারতীয় পর্যটকদের ভিসা সাক্ষাৎকারে নিজের ভ্রমণের প্রকৃত ও বৈধ উদ্দেশ্য স্পষ্টভাবে জানানো এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


